১৭ মে, ২০২৬
প্রথম প্রদর্শনী — রাজশাহী সরকারি মহাবিদ্যালয়, ১৯৭৭
২৫শে অক্টোবর ১৯৭৭ — প্রতিষ্ঠার প্রথম বছরেই অনুসন্ধানীর প্রথম বিজ্ঞান প্রদর্শনী। দৈনিক বার্তায় প্রকাশিত প্রতিবেদন।
প্রতিষ্ঠার মাত্র কয়েক মাসের মধ্যেই অনুসন্ধানী তার প্রথম বড় কর্মযজ্ঞে নামে — একটি বিজ্ঞান প্রদর্শনী।
দৈনিক বার্তার ২৫শে অক্টোবর ১৯৭৭ সংখ্যায় প্রকাশিত স্টাফ রিপোর্টার-এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার বিকেল চারটায় রাজশাহী সরকারি মহাবিদ্যালয় মিলনায়তনে অনুসন্ধানীর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ নইমউদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন এবং সভাপতিত্ব করেন অনুসন্ধানীর উপদেষ্টা পরিষদ সদস্য ডঃ আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে রাজশাহী অনুসন্ধানীর পরিচালক, সংগঠক ও উপ-শহর অনুসন্ধানীর পরিচালকও বক্তব্য রাখেন। প্রদর্শনীতে অনুসন্ধানীর সদস্য-সদস্যাদের অভিভাবক ছাড়াও বহু দর্শকের সমাগম হয়।
প্রদর্শনীতে দেখানো প্রকল্পগুলির মধ্যে ছিল: দূরত্ব মাপক যন্ত্র, বৃষ্টি মাপক যন্ত্র, বাগলার, গাছের বৃদ্ধি মাপক যন্ত্র, অগ্নি নির্বাপক যন্ত্র, ওজন মাপক যন্ত্র, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, ব্যারোমিটার, ট্রাফিক সিগনাল, বরফ বাক্স, ওয়াটার মাইক্রোস্কোপ, হে বক্স, পেরিস্কোপ, লিটমাস পেপার, পোকা সংগ্রহ — ক্ষুদে বিজ্ঞানীদের নিজ হাতে তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি।
মাত্র কয়েক মাস বয়সী একটি সংগঠন এমন বহুমুখী প্রকল্প তৈরি করে দেখাতে পেরেছিল — এটিই অনুসন্ধানীর ভিত্তিভূমি, যা পরবর্তী চার দশকের পথচলার সূচনা।